হেমন্তের স্পন্দন | আবদুল্লাহ আল মঈনী
এক অপূর্ব মেলবন্ধন – সরলতা আর উদারতার ,
এ হেমন্তের স্পন্দন – ঋতুরাজ্যের পরিপূর্ণতার ।
ম্লান শিউলি আর বিষণ্ণ কাশের পথে ভীড়ে –
তিস্তা-করতোয়া আর পদ্মা-যমুনার প্রাণবন্ত তীরে ;
প্রকৃতির বাতাসে তরঙ্গায়িত নব ধানের কায়া –
সৌম্য হেমন্ত যতটা পৌঢ় ততটাই তার মায়া ।
গগনে নীলের ছোঁয়া সাথে রোদ্দুরের কোমলতা ,
ঋতুনাট্যের অন্তরঙ্গ সহচরী হেমন্তের মৌনতা।
নিশি আলো করে ঠিকরে পড়ে জ্যোৎস্না –
হেমন্তের আগমনে ; সাথে অঢেল হর্ষের বন্যা ।
এ হর্ষ নতুন ধান ঘরে তোলবার ;
এ হর্ষ ঢেঁকির তালে সুর মেলাবার ।
হেমন্তের স্পন্দন মেলে শিশিরসিক্ত ধানের চূঁড়ায় ;
এ স্পন্দন মেলে আউশ-আমনের পুলি-পিঠায় ।
অঙ্গে যার নেই জৌলুশ - আছে ধূসরতা অনন্ত ;
সম্প্রদান যার অলংকার -সে ঋতুকন্যা হেমন্ত ।